‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

প্রগ্রেসিভ লাইফের নতুন পলিসি বিক্রির স্থগিতাদেশ প্রত্যাহার করল আইডিআরএ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রথম বর্ষের নতুন পলিসি বিক্রির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত শর্ত পূরণ করায় কোম্পানিটিকে আবার নতুন পলিসি বিক্রির অনুমতি দেয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) আইডিআরএ'র পরিচালক দেবপ্রসাদ পাল স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গ্রাহকদের বকেয়া বীমা দাবি পরিশোধের জন্য অর্থের সংস্থান নিশ্চিত করতে ২ নভেম্বর প্রগ্রেসিভ লাইফের প্রথম বর্ষের পলিসি বিক্রি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় আইডিআরএ। বীমা আইন, ২০১০-এর ৫০(১)(ঙ) ধারার ক্ষমতাবলে জারি করা ওই নির্দেশ ৪ নভেম্বর থেকে কার্যকর হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারের শর্ত হিসেবে আইডিআরএ জানিয়েছিল, সরকারি ট্রেজারি বন্ড (বিজিটিবি) নগদায়ন করে ১০ কোটি টাকা অথবা সম্পদ বিক্রি থেকে পাওয়া ১৫ কোটি টাকা গ্রাহকদের দাবি পরিশোধের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

এ শর্ত পূরণে প্রগ্রেসিভ লাইফের পরিচালনা পর্ষদ ১১ নভেম্বর ২১৪তম জরুরি সভা করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটি ১০ কোটি ১৯ লাখ টাকার সরকারি ট্রেজারি বন্ড নগদায়ন করে। পরদিন ১২ নভেম্বর তিনটি পৃথক লেনদেনের মাধ্যমে ৯ কোটি ৬৮ লাখ ৭৯ হাজার ৫২০ টাকা ৩৮ পয়সা সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখায় কোম্পানির নির্ধারিত স্পেশাল নোটিশ ডিপোজিট (এসএনডি) হিসাবে জমা দেয়। ওই দিন হিসাবটির সমাপনী স্থিতি ছিল ৯ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ৪২৫ টাকা ২৩ পয়সা।

আইডিআরএ'র চিঠিতে বলা হয়েছে, কোম্পানি নির্ধারিত শর্ত পূরণ করায় ২ নভেম্বর জারি করা প্রথম বর্ষের নতুন পলিসি বিক্রি স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

তবে নতুন ব্যবসা চালুর অনুমতি দেয়ার পাশাপাশি কোম্পানিটিকে কয়েকটি নির্দেশনা দিয়েছে আইডিআরএ। এর মধ্যে রয়েছে, ব্যাংকে জমা করা অর্থ দাবির আবেদন জমার সময়ের ক্রমানুসারে গ্রাহকদের বীমা দাবি পরিশোধে ব্যয় করতে হবে।

এ ছাড়া কর্তৃপক্ষের কাছে আগে জমা দেয়া স্থায়ী সম্পদের বিবরণীতে থাকা সম্পদ বিক্রির চেষ্টা অব্যাহত রাখতে হবে। এসব সম্পদ বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ করতে হবে। আইডিআরএ'র আগের ও ভবিষ্যতের নির্দেশনাও যথাযথভাবে মেনে চলতে হবে। অন্যথায় কোম্পানির বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌