‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

হোমল্যান্ড লাইফের নিয়মিত পর্ষদ স্থগিত করলেন আপিল বিভাগ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নিয়মিত পরিচালনা পর্ষদ গঠন ও নির্বাচন সংক্রান্ত হাইকোর্ট বিভাগের দেয়া রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে আবেদনকারীদের দায়ের করা ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ মঞ্জুর করেছেন সর্বোচ্চ আদালত।

গত ১৬ নভেম্বর (সোমবার) উভয় পক্ষের শুনানি শেষে আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন।

এই আদেশের ফলে হোমল্যান্ড লাইফের বর্তমান নিয়মিত পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন মামলার আইনজীবীরা। অন্তর্বর্তীকালীন বোর্ডের তত্ত্বাবধানে ২০২৬ সালের জুলাই মাসে কোম্পানিটির এই নিয়মিত পর্ষদ গঠিত হয়, যেখানে মো. জামাল উদ্দিন চেয়ারম্যান এবং মো. আব্দুল হাই ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

সূত্রমতে, গত জুলাইয়ে নিয়মিত বোর্ড গঠনের সময় অন্তর্বর্তীকালীন বোর্ডের দায়িত্ব শেষ হয়ে যায়। আবার গত ১৬ নভেম্বরে আপিল বিভাগের আদেশে সেই নিয়মিত বোর্ডও স্থগিত হয়ে যায়। ফলে নিয়মিত পর্ষদ স্থগিত হওয়ায় কার্যত হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এখন কোনো বোর্ড নেই।

আদালত সূত্রে জানা যায়, হোমল্যান্ড লাইফের সংখ্যায় কম থাকা শেয়ারহোল্ডারদের স্বার্থহানি, অব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত বিরোধের জেরে কোম্পানির কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হলে হাইকোর্ট বিভাগে দুটি কোম্পানি মামলা (নং- ৯৪১ ও ৭১৬/২০২৫) দায়ের করা হয়। ওই অচলাবস্থা নিরসনে হাইকোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের নেতৃত্বে একটি ‘অন্তর্বর্তীকালীন স্বাধীন বোর্ড’ গঠন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন।

পরবর্তীতে অন্তর্বর্তীকালীন বোর্ডের তত্ত্বাবধানে গত ২৩ জুলাই অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আটজন পরিচালক নির্বাচিত হন এবং পর্ষদ পরবর্তীতে দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। গত ১ সেপ্টেম্বর বিচারপতি মো. তৌফিক ইনামের একক হাইকোর্ট বেঞ্চ উক্ত নির্বাচন অনুমোদন দিয়ে অন্তর্বর্তীকালীন বোর্ডকে অব্যাহতি দেন এবং কোম্পানি মামলা দুটি নিষ্পত্তি করে আদেশ দেন।

হাইকোর্ট বিভাগের ১ সেপ্টেম্বরের ওই রায় ও আদেশকে চ্যালেঞ্জ করে মামলার পিটিশনার মো. এরশাদ করিম ও অন্য একজন আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (নং- ৩৬৪০/২০২৬) দায়ের করেন। পিটিশনারদের পক্ষে কোরাম সংকটসহ (সংঘবিধির ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী সশরীরে ৭ জন শেয়ারহোল্ডারের উপস্থিতির বাধ্যবাধকতা) প্রক্রিয়াগত বিভিন্ন আপত্তি তুলে ধরা হয়েছিল।

আবেদনটি গত ২ নভেম্বর, ৯ নভেম্বর এবং সর্বশেষ ১৬ নভেম্বর আপিল বিভাগের কার্যতালিকায় (কজ লিস্ট) অন্তর্ভুক্ত হয়ে বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আপিল বিভাগ পিটিশনারদের লিভ টু আপিল মঞ্জুর করেন এবং হাইকোর্ট বিভাগের ১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত ঘোষণা করেন।

আদালতে লিভ পিটিশনারদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাক আহমেদ চৌধুরী। হাইকোর্ট বিভাগে মামলার শুনানিকালে ২ ও ৩ নং প্রতিপক্ষের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট একেএম বদরুদ্দোজা ও সিনিয়র অ্যাডভোকেট এম বেলায়েত হোসেন এবং অন্তর্বর্তীকালীন বোর্ডের পক্ষে অ্যাডভোকেট তুষার কান্তি দাস উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালে আইডিআরএ’র সমঝোতায় সাবেক সচিব হান্নান মিয়াকে চেয়ারম্যান নিয়োগের পরবর্তী সময়ে কোম্পানিতে অস্থিরতা শুরু হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধান কার্যালয়ের পরিবর্তে সিলেটে বোর্ড সভা আহ্বানকে কেন্দ্র করে পরিচালকদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয় এবং হাইকোর্টে পাল্টাপাল্টি মামলা (নং- ১৬৪, ৭১৬ ও ৯৪১/২০২৫) দায়ের হয়। ব্যবস্থাপনার এই অচলাবস্থা নিরসনে ২০২৫ সালের সেপ্টেম্বরে পূর্ববর্তী পর্ষদ ভেঙে দিয়ে আদালত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠনের পদক্ষেপ নেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌