‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

গোপনে শর্ত আরোপ, বাড়ছে গ্রাহকের ঝুঁকি

অগ্নি বীমাতেও ট্যারিফ রেট মানছে না গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

আবদুর রহমান আবির: অগ্নি বীমা (ফায়ার ইন্স্যুরেন্স) পলিসি ইস্যুর ক্ষেত্রেও ট্যারিফ রেট বা নির্ধারিত প্রিমিয়াম হার মানছে না গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। প্রিমিয়াম হার লঙ্ঘন করতে প্রতারণার আশ্রয় নিচ্ছে কোম্পানিটি। নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সেন্ট্রাল সার্ভারে (আইআইএমএস) পলিসির যে তথ্য দেয়া হচ্ছে সেখানে ‘ভলান্টারি ডিডাক্টিবল’ শর্ত থাকলেও গ্রাহককে দেয়া পলিসির সিডিউলে ভলান্টারি ডিডাক্টিবল শর্তের কোনো উল্লেখ নেই। অর্থাৎ নিয়ন্ত্রক সংস্থার নজরদারি এড়াতেই অভিনব এই প্রতারণার কৌশল বেছে নিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

চলতি বছরে গ্রীন ডেল্টার ইস্যু করা অন্তত ৯টি অগ্নি বীমা (ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক) পলিসি পর্যালোচনা করে এমন জালিয়াতির সুস্পষ্ট তথ্য উঠে এসেছে ইন্স্যুরেন্স নিউজ বিডি’র অনুসন্ধানে।

এর আগে একই ধরনের অনিয়মের কারণে শাস্তির মুখে পড়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। মেরিন কার্গো পলিসিতে ট্যারিফ রেট লঙ্ঘনের দায়ে গত ৫ নভেম্বর প্রতিষ্ঠানটির মেরিন কার্গো পলিসি বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একইসাথে প্রতিষ্ঠানটির মেরিন (কার্গো) উপশ্রেণির নিবন্ধন কেন স্থগিত করা হবে না- তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও জারি করে সংস্থাটির রেটিং শাখা।

খাত সংশ্লিষ্টরা বলছেন, এমন অনিয়মের কারণেই দেশের নন-লাইফ বীমা খাতের আকার আশানুরূপভাবে বাড়ছে না। ট্যারিফ রেট লঙ্ঘন করে কম প্রিমিয়ামে বীমা পলিসি ইস্যু করার অসুস্থ প্রতিযোগিতার কারণে সামগ্রিকভাবে পিছিয়ে পড়ছে দেশের বীমা খাত। এর নেতিবাচক প্রভাব পড়ছে জিডিপিতে বীমা খাতের অবদানের ক্ষেত্রে, যা বর্তমানে মাত্র ০.৪ শতাংশে নেমে এসেছে।

অনুসন্ধানে প্রাপ্ত পলিসির নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, আইন লঙ্ঘন করে নির্ধারিত ট্যারিফ রেটের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রিমিয়াম কম নিয়ে ফায়ার পলিসি (আইএআর) ইস্যু করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। গ্রাহকদের দেয়া এসব পলিসি সিডিউলের কোনোটিতেই 'ভলান্টারি ডিডাক্টিবল' শর্ত আরোপ করা হয়নি।

অথচ প্রিমিয়াম কম নেয়ার বিষয়টির বৈধতা পেতে কোম্পানিটি যখন আইডিআরএ'র সেন্ট্রাল সার্ভার বা আইআইএমএস-এ এসব পলিসির তথ্য আপলোড করেছে, তখন সেখানে 'ভলান্টারি ডিডাক্টিবল' শর্ত জুড়ে দিয়েছে। ফলে পলিসি করার সময় গ্রাহককে দেয়া সিডিউলে শর্তটি না থাকায় অধিকাংশ গ্রাহক এই জটিল ফাঁদ সম্পর্কে পরিষ্কার ধারণা পান না।

ভলান্টারি ডিডাক্টিবল শর্তের বিষয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, যদি কোনো গ্রাহকের কারখানায় বা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ফলে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, তবে এই গোপন শর্তের কারণে গ্রাহক ৫ শতাংশ তথা ৫ কোটি টাকার বীমা দাবি কম পাবেন। এক্ষেত্রে এই ৫ কোটি টাকার ক্ষতি গ্রাহককে নিজের পকেট থেকেই বহন করতে হবে।

অনুসন্ধানে দেখা যায়, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স থেকে একটি ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসি গ্রহণ করেছে শতভাগ রপ্তানিমুখী গ্লোবস শিল্প প্রতিষ্ঠান তোয়া পারসোনাল প্রোটেক্টিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড। যার পলিসি নং- জিডিআই/কেএডব্লিউ/০৭/২০২৬/আইএআর/পি/৯৩০০২৮। ১৬০ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৯৯৯.৮৫ টাকা বীমা অংকের এই পলিসিতে প্রিমিয়াম হার নির্ধারণ করা হয়েছে ০.২৪%, বা ৩৮৫৩৫৪০.৮০ টাকা। অথচ ফায়ার ট্যারিফ রেট অনুসারে এই পলিসির প্রিমিয়াম হার ০.৩০%, বা ৪৮ লাখ ১৬ হাজার ৯২৬.২৫ টাকা।

এক্ষেত্রে কোম্পানিটি ট্যারিফ রেট লঙ্ঘন করে ২০% তথা ৯ লাখ ৬৩ হাজার ৩৮৫.৪৫ টাকা কম প্রিমিয়াম নির্ধারণ করেছে।

গ্রাহককে দেয়া এই পলিসি সিডিউলে ভলান্টারি ডিডাক্টিবল শর্ত আরোপ করেনি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। তবে আইডিআরএ'র সেন্ট্রাল সার্ভার বা আইআইএমএস-এ দেয়া এই পলিসি সিডিউলে 'ভলান্টারি ডিডাক্টিবল' শর্ত জুড়ে দিয়েছে কোম্পানিটি। ইন্স্যুরেন্স নিউজ বিডি’র হাতে আসা এ পলিসি সিডিউলের গ্রাহক কপি ও আইডিআরএ’র কপি পর্যালোচনা করে এমন জালিয়াতির প্রমাণ মিলেছে।

তবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এমন গোপন শর্তের বিষয়ে অবগত নয় তোয়া পারসোনাল প্রোটেক্টিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা (সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) আশিকুর রহমান বলেন, বীমা কোম্পানিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসি গ্রহণ করা হয়েছে। অনেক দিন ধরেই প্রতিষ্ঠানটি থেকে বীমা সেবা গ্রহণ করা হয়। তবে তাদের কিছু কর্মকাণ্ডের কারণে আগামীতে আর ওই কোম্পানি থেকে বীমা পলিসি নেয়া হবে না।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স থেকে আইএআর পলিসি নেয়া আরেকটি প্রতিষ্ঠান নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানটির পলিসি নম্বর- জিডিআই/ডিইজেড/০৩/২০২৬/আইএআর/পি/৪৮০০০৫, যার মোট বীমা অঙ্কের পরিমাণ- ৫৫ কোটি টাকা। এই বীমা পলিসির রেট নির্ধারণ করা হয়েছে ০.৩৩৭৫%, বা ১৮ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। অথচ ফায়ার ট্যারিফ রেট অনুসারে এই পলিসির প্রিমিয়াম হার ০.৪৫%, বা ২৪ লাখ ৭৫ হাজার টাকা।
এক্ষেত্রেও কোম্পানিটি ট্যারিফ রেট লঙ্ঘন করে ০.১১২৫% তথা ৬ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা কম প্রিমিয়াম নির্ধারণ করেছে। এই প্রিমিয়াম কম নেয়ার হার ২৫ শতাংশ।

অপরদিকে নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির পলিসিতে ট্যারিফ রেট লঙ্ঘনের অপরাধ আড়াল করতে মূল সিডিউলে (ক্লায়েন্ট কপি) ভলান্টারি ডিডাক্টিবল বা স্বেচ্ছামূলক কর্তনসংক্রান্ত কোনো শর্ত উল্লেখ না করলেও আইডিআরএ’র সার্ভারে ঠিকই ভলান্টারি ডিডাক্টিবল শর্ত যুক্ত করেছে।

বিষয়টি নিয়ে কথা হয় নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা কে এম ফিরোজ ইফতেখার এর সাথে, যিনি ওই প্রতিষ্ঠানের বীমা গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করেন। ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের সব বীমা পলিসি-ই গ্রহণ করা হয় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স থেকে। তবে ভলান্টারি ডিডাক্টিবল শর্ত যুক্ত করার বিষয়টি তিনি জানেন না। এমনটি হলে তো কোম্পানির জন্য বড় ঝুঁকি থেকে যাচ্ছে- বলেন তিনি।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স থেকে আইএআর পলিসি নেয়া আরেক প্রতিষ্ঠান মেইনেত্তি প্যাকেজিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এই প্রতিষ্ঠানটি পলিসি নম্বর- জিডিআই/কেএডব্লিউ/০৪/২০২৬/আইএআর/পি/৯৩০০১৬, যার মোট বীমা অংকের পরিমাণ- ১৯০ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ৫৯৬ টাকা। বীমা কোম্পানিটির কাওরান বাজার ব্রাঞ্চ থেকে ইস্যু করা এই পলিসির রেট নির্ধারণ করা হয়েছে ০.১৯%, বা ৩৬ লাখ ২৩ হাজার ৯৭.৮৩ টাকা। অথচ ফায়ার ট্যারিফ রেট অনুসারে এই পলিসির প্রিমিয়াম হার ০.২৩%, বা ৪৩ লাখ ৮৫ হাজার ৮৫৫ টাকা।

এক্ষেত্রেও কোম্পানিটি ট্যারিফ রেট লঙ্ঘন করে ০.০৪% তথা ৭ লাখ ৬২ হাজার ৭৫৭ টাকা কম প্রিমিয়াম নির্ধারণ করেছে। এই প্রিমিয়াম কম নেয়ার হার ২৫ শতাংশ।

এই পলিসির ক্ষেত্রেও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সেন্ট্রাল রেটিং কমিটির (সিআরসি) নির্ধারিত ট্যারিফ রেট লঙ্ঘন করে ০.০৪% কম প্রিমিয়াম নিয়েছে। তোয়া পারসোনালের মতো এই বহুজাতিক প্রতিষ্ঠানের পলিসির মূল সিডিউলেও ‘ভলান্টারি ডিডাক্টিবল’ সংক্রান্ত কোনো শর্তের উল্লেখ রাখা হয়নি। কিন্তু পরবর্তীতে আইডিআরএ’র আইআইএমএস সার্ভারে তথ্য আপলোড করার সময় গ্রাহকের অজান্তেই এই গোপন শর্তটি যুক্ত করে দেয়া হয়েছে।

শুধু তোয়া পারসোনাল, নাকানো ইন্টারন্যাশনাল বা মেইনেত্তি প্যাকেজিং-ই নয়, ইন্স্যুরেন্স নিউজ বিডি’র অনুসন্ধানে দেখা গেছে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইস্যু করা আরও অন্তত ৬টি ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক (আইএআর) পলিসিতে একই কৌশলে জালিয়াতি করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই গ্রাহককে কম প্রিমিয়ামের প্রলোভন দেখিয়ে পলিসি দেয়া হয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থার চোখ ফাঁকি দিতে আইআইএমএস সার্ভারে ভলান্টারি ডিডাক্টিবলের ভুয়া তথ্য এন্ট্রি করা হয়েছে।

এ ছাড়াও গোপনে ভলান্টারি ডিডাক্টিবল শর্ত আরোপ করা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য আইএআর পলিসির মধ্যে রয়েছে- অ্যাজাক্স সোয়েটার্স লিমিটেড, প্রতিষ্ঠানটির পলিসি নম্বর- জিডিআই/কেএডব্লিউ/১২/২০২৫/আইএআর/পি/৯৩০০৩৫;

আমেরিকান অ্যান্ড এফার্ড (বাংলাদেশ) লিমিটেডের দু’টি পলিসি, যার নম্বর- জিডিআই/কেএডব্লিউ/০৪/২০২৬/আইএআর/পি/৯৩০০১৭ এবং জিডিআই/কেএডব্লিউ/০৪/২০২৬/আইএআর/পি/৯৩০০১৮; আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পলিসি নম্বর- জিডিআই/কেএডব্লিউ/০৭/২০২৬/আইএআর/পি/৯৩০০২৭; মাইনেত্তি (বাংলাদেশ) প্রা. লিমিটেডের পলিসি নম্বর- জিডিআই/ডিইজেড/০৫/২০২৬/আইএআর/পি/৪৮০০০৭।

এ ছাড়াও ভার্নন অ্যান্ড অলিভার ফার্নিচার কোম্পানি লিমিটেড, কাইজি লিঞ্জারি বাংলাদেশ কোং লিমিটেড, মিংদা (বাংলাদেশ) নিউ মেটেরিয়াল কোং লিমিটেড এবং হোম জয় সক্স বাংলাদেশ কোং লিমিটেড- এই ৪টি পৃথক প্রতিষ্ঠানের নামে ইস্যু করা হয়েছে একটি পলিসি, যার নম্বর- জিডিআই/এনবিসি/১১/২০২৫/আইএআর/পি/৬০০০৩৩।

এই ৪টি প্রতিষ্ঠানের মোট বীমা অংকের পরিমাণ ১৯৬ কোটি ৮০ লাখ টাকা। যার মধ্যে ৩টি প্রতিষ্ঠানের এককভাবে বীমা অংকের পরিমাণ ৬০ কোটি টাকা। আর একটি প্রতিষ্ঠানের বীমা অংক ১৬ কোটি ৮০ লাখ টাকা। অথচ ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক পলিসির ক্ষেত্রে এককভাবে কোন বীমা অংকের পরিমাণ ৫০ কোটি টাকা না হলে এ ধরণের পলিসি ইস্যু করা যায় না।

অপরদিকে এই ৪টি প্রতিষ্ঠানের বীমাকৃত সম্পদের ধরণ, প্রকৃতি ভিন্ন ভিন্ন। প্রতিষ্ঠানগুলোর গড়ে প্রিমিয়াম নেয়া হয়েছে .৩৬% হারে। অথচ ট্যারিফ রেট অনুসারে এসব প্রতিষ্ঠানের বীমাকৃত মালামালের প্রিমিয়াম রেট হবে .৪০%।
বীমা বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকের সাথে আলোচনা না করে বা মূল পলিসি সিডিউলে ‘ভলান্টারি ডিডাক্টিবল’র উল্লেখ না রেখে গোপনে আইডিআরএ’র সার্ভারে এ ধরনের শর্তারোপ করা চরম প্রতারণা এবং বীমা আইন ২০১০-এর সুস্পষ্ট লঙ্ঘন। এর ফলে কোনো কারণে অগ্নিকাণ্ড বা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে দাবি পরিশোধের সময় কোম্পানি আইডিআরএ’র সার্ভারের কপি দেখিয়ে দাবি কর্তনের সুযোগ নেবে, যা গ্রাহককে চরম আর্থিক ক্ষতির মুখে ফেলবে।

অগ্নি বীমা পলিসিতে এমন গোপন শর্ত ও ডুপ্লিকেট সার্ভার ব্যবহারের অভিযোগের বিষয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ট্যারিফ রেট লঙ্ঘন এবং ডুপ্লিকেট সার্ভার ব্যবহারের বিষয়ে জানতে চাইলে আইডিআরএ’র মুখপাত্র সাদিক আরমান বলেন, অনিয়ম-অস্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে আইডিআরএ সব সময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স যদি স্পষ্টতই অনিয়ম করে থাকে বা কোন বিধি ভঙ্গ করে- তাহলে আইডিআরএ বিষয়টি আইন অনুযায়ী খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌