সোনালী লাইফের লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ১৫ জুন

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের লাইফ বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তাদের শীর্ষ পারফরমারদের অসাধারণ অর্জন ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দিতে ‘এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে।
আগামী সোমবার (১৫ জুন) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকাল ৬টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে সোনালী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানটি সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২০২৫’ কোম্পানির একটি বার্ষিক আয়োজন, যেখানে শীর্ষ পারফরমারদের অসাধারণ অর্জন এবং দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতি দেয়া হবে। এ আয়োজনের মাধ্যমে উৎকর্ষ, সাফল্য ও কর্মদক্ষতাকে উদযাপন করা হবে।
এ বছরের আয়োজনটি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব মোস্তফা গোলাম কুদ্দুসের দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গ করা হয়েছে। ‘এ ট্রিবিউট টু দ্য ভিশন অব মোস্তফা গোলাম কুদ্দুস’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সোনালী লাইফ।



