পাঁচ লাইফ বীমা কোম্পানির ৫,৮৬৮ গ্রাহকের বীমা দাবি পরিশোধ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের বকেয়া বীমা দাবি পরিশোধে দ্বিতীয় দফায় পাঁচটি লাইফ বীমা কোম্পানির ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি টাকা দেয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বীমা দাবির চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

আইডিআরএ জানিয়েছে, সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে এসব দাবি পরিশোধ করা হচ্ছে।

দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকরা। কোম্পানিটির ৩ হাজার ৬০০ জন পলিসিধারীকে ১২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জন পলিসিধারী পেয়েছেন ৪ কোটি ৯৮ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জনকে দেয়া হয়েছে ৫ কোটি টাকা।

এ ছাড়া সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জন পলিসিধারীকে ৫৫ লাখ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জনকে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি লাইফ বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ টাকার দাবি পরিশোধ করা হয়।

দুই দফা মিলিয়ে মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, অপরিশোধিত বৈধ দাবি পরিশোধের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাকি দাবিগুলো যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।