আবদুর রহমান আবির: বীমা খাতে শৃঙ্খলা ফেরাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে নন-লাইফ বীমা কোম্পানিগুলোতে যৌথ নিরীক্ষক দল নিয়োগ করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সমন্বয়ে এই যৌথ নিরীক্ষক দল গঠন করা হবে।
এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আগামী এক মাসের মধ্যে নিরীক্ষক দল নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, নিরীক্ষক দল বীমা কোম্পানিগুলোর প্রিমিয়াম আয়, দাবি নিষ্পত্তি, সম্পদ, বিনিয়োগ ও দায়, পরিশোধিত মূলধন এবং আর্থিক লেনদেনসহ সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখবে।
খাত সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সমন্বয়ে আইডিআরএ’র এ ধরনের যৌথ নিরীক্ষা উদ্যোগ বীমা কোম্পানিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
সম্প্রতি ‘ডেইলি স্টার’কে দেয়া এক সাক্ষাতকারে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, আর্থিক সংকটে থাকা যেসব বীমা কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলবে না, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসব কঠোর পদক্ষেপের মধ্যে থাকবে- প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহ স্থগিত করা, লাইসেন্স বাতিল করা, প্রশাসক নিয়োগ এবং শেষ পর্যন্ত কোম্পানি অবসায়ন করা।
নাদিয়া নিভিন বলেন, ৬০ শতাংশ সময় আমি কোম্পানিগুলোকে সহযোগিতা করার জন্য অংশীদার হিসেবে কাজ করব। তবে ৪০ শতাংশ সময় আমি নিয়ন্ত্রক হিসেবে কাজ করব। তারা নিয়ন্ত্রকের নির্দেশনা না মানলে তাদের ব্যবসা চালিয়ে যেতে দেয়া হবে না
আইডিআরএ সূত্রে জানা গেছে, কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন দায়িত্ব গ্রহণের পর বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসন নিশ্চিতে পর্যায়ক্রমে ‘গভর্ন্যান্স রিভিউ’ সভা শুরু করেন। এসব সভায় কোম্পানিগুলোর সার্বিক কার্যক্রম, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি অনুষ্ঠিত পৃথক দুটি গভর্ন্যান্স সভায় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও সিকদার ইন্স্যুরেন্সে যৌথ অডিট দল নিয়োগসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
গত ২৫ আগস্ট আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সভাপতিত্বে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির গভর্ন্যান্স রিভিউ সভা অনুষ্ঠিত হয়। নন-লাইফ খাতের এই শীর্ষ কোম্পানির বর্তমান অপরিশোধিত বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩০ কোটি টাকায়।
সার্বিক পর্যালোচনা শেষে পরবর্তী এক মাসের মধ্যে সুনির্দিষ্ট কার্যপরিধি (টিওআর) নির্ধারণ করে পে-রোল ভেরিফিকেশনসহ একটি বিশেষ নিরীক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। একইসঙ্গে অনুমোদনহীন বীমা পলিসি অবিলম্বে বাজারজাতকরণ বন্ধ ও তা প্রত্যাহার, চালু পলিসির দ্রুত অনুমোদন গ্রহণ এবং আইডিআরএ’র ডিজিটাল কার্যক্রমে পূর্ণাঙ্গ সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া এফডিআর, ট্রেজারি বন্ড, রি-ইন্স্যুরেন্স সুবিধাভোগীদের তালিকা, সম্পদ-দায়সহ আর্থিক তথ্য নিয়মিত আপলোড, পরিশোধিত মূলধনের ব্যাংক হিসাবের বিবরণী দাখিল; গত ৩ বছরে বিদেশ থেকে রি-ইন্স্যুরেন্স বাবদ প্রাপ্ত সুবিধাপ্রাপ্তদের নাম ও অর্থের পরিমাণ কর্তৃপক্ষকে জানানো এবং পরিশোধিত মূলধনের অর্থ কোন কোন ব্যাংকে সংরক্ষিত রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিকদার ইন্স্যুরেন্সের গভর্ন্যান্স সভায় কোম্পানিটির ব্যাংক ও স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং অপরিশোধিত বীমা দাবির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও এনবিআরের সমন্বয়ে গঠিত যৌথ বিশেষ নিরীক্ষা দল দিয়ে দ্রুত তদন্ত পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
পর্ষদ চেয়ারম্যান ও পরিচালকদের শেয়ার ধারণ ও পারস্পরিক আত্মীয়তার তথ্য পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে দাখিল, আইডিআরএ’র প্রবিধান অনুযায়ী পরবর্তী এক মাসের মধ্যে সকল বিনিয়োগ সমন্বয় এবং কোম্পানির ঋণ ও দায়ের প্রকৃত তথ্য যাচাই করে অনতিবিলম্বে কর্তৃপক্ষকে অবহিতকরণের নির্দেশনা দেয়া হয়।
এ ছাড়াও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ ব্যাংক (বিবি), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সমন্বয়ে একটি বিশেষ নিরীক্ষক দল গঠন করে সিকদার ইন্স্যুরেন্সে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ আবদুর রফিক বলেন, বর্তমান আইডিআরএ চেয়ারম্যান মহোদয় যৌথ নিরীক্ষার যে উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই ভালো। গভর্ন্যান্স রিভিউ সভায় আমরা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছি। আমি মনে করি, যেকোন নিরীক্ষা কোম্পানির জন্য ভালো। আমাদের কোন ভুলত্রুটি হলে এর মাধ্যমে তা সংশোধনের সুযোগ পাওয়া যায়।
নন-লাইফ বীমা কোম্পানিগুলোতে যৌথ নিরীক্ষক দল নিয়োগের বিষয়ে মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’ সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামিম বলেন, বীমা খাতে সমন্বিত নিরীক্ষার উদ্যোগ অবশ্যই ভালো হবে বলে আমি মনে করি। এর ফলে একই বিষয়ে বীমা কোম্পানিগুলোর বারবার তথ্য দিয়ে সময় নষ্ট করা প্রয়োজন হবে না। একইসঙ্গে যেকোন বিষয়ে তদন্ত দ্রুত ও ফলপ্রসু হবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।